চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা মামলার অভিযুক্ত মো. রাব্বি ও তার সহযোগী সোহেল ওরফে জিনজিরাসহ তিন যুবককে বিপুল পরিমাণ বিস্ফোরক সদৃশ বস্তু (গান পাউডার) ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার ফকিরপাড়া এলাকার মৃত শহিদের ছেলে মো. রাব্বি (২৬), একই এলাকার মৃত মনিরুল ইসলাম মনিরের ছেলে মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং প্রফেসরপাড়া এলাকার সুমনের ছেলে মো. সুমিত ওরফে আলিফ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে দেখে আসামিরা পালানোর চেষ্টা করলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাব্বির হাতে থাকা একটি লাল-সাদা শপিং ব্যাগ তল্লাশি করে দুই কেজি বিস্ফোরক সদৃশ বস্তু (গান পাউডার) এবং ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।