নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পিছনে ধানক্ষেতের পাশে গরু আনতে গেলে মোহন হোসেন (২৬) নামে এক ব্যক্তির পথরোধ করে অজ্ঞাতনামা তিন দুষ্কৃতকারী। এসময় তারা চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই নওগাঁ সদর মডেল থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত রায়হান ও লিটন নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।