কুষ্টিয়া সদর উপজেলার তালবাড়িয়া (ত্রিমোহিনী) এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ থেকে ৭০ জন আহত হয়েছেন।
রবিবার (৩১ মে) দুপুর প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে শেরপুরগামী হিমেল সীমান্ত পরিবহন এবং বগুড়া থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুই বাসের বহু যাত্রী আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করে। হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে সকল অফ-ডিউটি ডাক্তার ও নার্সকে দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, আহতদের চিকিৎসা ও সেবায় সহযোগিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ ও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।