1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

দীর্ঘ ৩২ বছর হাতে সংবাদপত্র নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে সংবাদ পৌঁছে দিয়েছেন নিতাই চন্দ্র সাহা (৬৫)। ভোরের আলো ফোটার আগেই যার হাতে থাকা পত্রিকা পৌঁছে যেত পাঠকের কাছে, সেই পরিচিত মুখটি আর নেই।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন মুরাদনগর বাজারের প্রবীণ এই পত্রিকা বিক্রেতা। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, পাঠক ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিতাই চন্দ্র সাহা কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের হোসেনতলা পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। মঙ্গলবার দুপুরে রহিমপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে মুরাদনগর বাজার ও আশপাশের এলাকায় পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন নিতাই চন্দ্র সাহা। হাতে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার বান্ডিল নিয়ে প্রতিদিন ছুটে যেতেন পাঠকদের কাছে। রোদ-বৃষ্টি কিংবা শীত—কোনো প্রতিকূলতাই তাঁর দীর্ঘদিনের এই কর্মজীবন থামিয়ে রাখতে পারেনি। পত্রিকা বিক্রি করে অর্জিত সামান্য আয় দিয়েই চলত তাঁর সংসার।

পেশায় পত্রিকা বিক্রেতা হলেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদালাপী, হাসিখুশি ও মিশুক স্বভাবের মানুষ। মুরাদনগর বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাধারণ পাঠকদের কাছে তিনি ছিলেন সুপরিচিত। দীর্ঘদিনের এই পথচলায় অনেকের সঙ্গে গড়ে উঠেছিল তাঁর আন্তরিক সম্পর্ক।

নিতাই চন্দ্র সাহার বড় ভাই সুভাষচন্দ্র সাহাও পত্রিকা বিক্রির সঙ্গে যুক্ত। উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্টেশন-সংলগ্ন এলাকায় তাঁর একটি পত্রিকার স্টল রয়েছে। দুই ভাইয়ের জীবনই দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রির সঙ্গে জড়িয়ে ছিল।

দীর্ঘ ৩২ বছর ধরে মানুষের হাতে সংবাদ পৌঁছে দেওয়া নিতাই চন্দ্র সাহার নিজের জীবনসংগ্রাম ছিল নীরব ও পরিশ্রমনির্ভর। প্রতিদিন অন্যের হাতে খবর তুলে দিলেও তাঁর নিজের জীবনের গল্প ছিল সাধারণ মানুষের কাছে অনেকটাই অজানা। তাঁর মৃত্যুতে মুরাদনগর বাজারের দীর্ঘদিনের পরিচিত এক পত্রিকা বিক্রেতাকে হারালেন স্থানীয়রা।

প্রবীণ এই পত্রিকা বিক্রেতার মৃত্যুতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর