কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৮ থেকে ৯ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর সাকিস্থ টিক্কার চর থেকে বিবির বাজারগামী সড়কের জগন্নাথপুর বেড়িবাঁধের মাথায় হালিমার দোকানের সামনে পাকা রাস্তায় ১২-১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— আবির ইসলাম রবিন (২৫), রফিকুল ইসলাম উজ্জল (২৮), আরমান উদ্দিন (২৫) এবং ইয়াসিন আরাফাত মালু (২০)। তারা সবাই কুমিল্লা কোতয়ালী এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।
পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি স্টিলের পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল এবং একটি বড় লোহার রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদেরসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা (নং-১৪/৩৩৯) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গত তিন মাসে কোতয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ১২৯ জন ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে অনেক আসামি জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানিয়েছে পুলিশ। এ পরিস্থিতিতে পরিবার, সুশীল সমাজ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সকল ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।