কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা সবাই চিহ্নিত ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, গত ২৪ এপ্রিল গভীর রাতে বুলেট বৈরাগী (৩৫) ছিনতাইকারীদের হামলায় নিহত হন। পরদিন শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ সোহাগ (৩৪), ইসমাইল হোসেন জনি (২৮), এমরান হোসেন হৃদয় (৩৪), রাহাত হোসেন জুয়েল (২৭) ও মোঃ সুজন (৩২)। এ সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ব্যাগসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, স্ক্রু-ড্রাইভার, ফোরজিং হ্যামার, প্লায়ার্স, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। ঘটনার রাতে রাত ৩টার দিকে তারা কুমিল্লা এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়। এ সময় বুলেট বৈরাগীকে বাস থেকে নামার পর জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলন্ত সিএনজি থেকে ফেলে দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ কুমিল্লা নগরীর রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।
কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল সেখানে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে ঢাকাগামী বাসে রওনা হন।
পথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।