নওগাঁ সদর থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের সুলতানপুর জেলে পাড়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে নওগাঁ জেলা পুলিশ।
পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ও রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ হোসেন (৩০), শাহীন আলম (২৭) ও ওসমান গনি @ রনি (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে রাম দা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোড়া, লোহার পাইপ ও রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এসব সন্ত্রাসীরা এলাকায় গত কয়েকদিন ধরে দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করছিল। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার যে কোনো স্থানে সন্ত্রাসী কার্যকলাপ দমনে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।