কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনে বিশেষ টাস্কফোর্স অভিযানে ২ কোটি ৭১ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওই দল চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বাজি, বাসমতি চাল, ফুচকা এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত পণ্য আইনানুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।