কুমিল্লা নগরীর রেইসকোর্সের কাঠেরপুল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মিলন আক্তার (৫৩) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জানা যায়, নিহত মিলন আক্তার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। তিনি দীর্ঘ ২০ বছর ধরে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
নিহতের মেয়ে ইসরাত জাহান তানিয়া জানান,
‘আমার মা ও নানু এখানে ভাড়া থাকেন। আমার মামা শাওনও বেশিরভাগ সময় এই বাসায় থাকতেন। সন্ধ্যায় নানু ফোন করে বলেন, মা ফোন ধরছে না—বাসায় গিয়ে দেখো। আমি গিয়ে দেখি বাসার দরজা বাইরে থেকে ছিটকিনি দেওয়া। ভিতরে ঢুকে দেখি ডাইনিং টেবিলের উপর একটি ছুরি। মায়ের রুমে লাইট জ্বালিয়ে দেখি খাটের উপর আরেকটি ছুরি, খাটের নিচে মায়ের লাশ পড়ে আছে।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মো. বাপ্পী জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
আর এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) কুতুবউদ্দিন বলেন, ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি, পরে বিস্তারিত বলা যাবে।