পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ইলিশ
পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ইলিশছবি: ভাস্কর মুখার্জি
বাংলাদেশ থেকে ১৩ দিনে প্রায় ১৪৫ টন ইলিশ গেছে ভারতে। দেশটির দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এসব ইলিশ গেছে। পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারকেরা এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানি এ বছরই সবচেয়ে কম হয়েছে।
পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল ও আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে ১৪৪ টন ৪৮৯ কেজি ইলিশ এসেছে। এর মধ্যে ত্রিপুরায় গেছে মাত্র ৩৯ টন ২৭৫ কেজি ইলিশ আর বেনাপোল দিয়ে পশ্চিমবঙ্গে এসেছে ১০৫ টন ২১৪ কেজি। বাংলাদেশ সরকার ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। ৫ অক্টোবরের মধ্যে এই রপ্তানির কাজ শেষ করতে হবে বলে বলা হলেও ৪ অক্টোবর রাত থেকে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শারদীয় দুর্গোৎসবের জন্য পাঁচ দিন সব বন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ ছিল। ফলে ইলিশ আমদানির জন্য ১৩ দিন সময় পাওয়া গিয়েছিল।