কুমিল্লা নগরীর রামনগর এলাকায় মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। ৩১ আগস্ট (রবিবার) বিকেলে সদর দক্ষিণ থানাধীন রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। অভিযুক্ত ওই যুবক নিহত লুৎফা বেগমের ছেলে মোঃ শাহীন। নিহত লুৎফা বেগমের আরেক মেয়ে শিউলি আক্তার জানান, আমার মায়ের ওপর ভাই শাহিন ও তার স্ত্রী লাকি আক্তার নির্যাতন চালাতো। শনিবার বিকেলেও তারা মা ও বোনকে মারধর করে। রোববার দুপুরে তাদের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় অভিযোগ করে তিনি গণমাধ্যমকে জানান তার মা ও বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত শাহিনের চাচাতো ভাই মো: জসিম উদ্দিন বলেন, দুপুরে শাহিন আমাদের জানান- তার মা ও বোন মারা গেছেন। আমরা এসে দেখি তারা খাটে শুয়ে আছেন। তাদের ধরে দেখি দুজনেই মাত্র মারা গেছেন। এদিকে এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা দুপুর ২টা ৪০ মিনিটের সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তারপর আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি৷ সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী আটক রয়েছেন।