কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় মোঃ রাহাত নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নগরীর তালুকদার একাডেমি থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র সাজিদকে জোরপূর্বকভাবে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে রাহাত। নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও তার পরিচয়পত্র দেখাতে না পারায় উপস্থিত এক ফল ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সন্দেহ হয়। এতে স্থানীয়রা ট্রাফিক পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে রাহাতকে আটক করা হয় এবং পরে তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে টমছমব্রিজ এলাকার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তোফায়েল আহমেদ বলেন, ঘটনার সময় স্থানীয়রা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। যার ফলে অপহরণকারীর হাত থেকে শিশুটি রক্ষা পেয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া সাজিদ নামে সেই শিশুটিকে বর্তমানে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।