মধ্যরাতে রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী ওই যুবকসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির। এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় আসেন। এরপর সে বলে এই এলাকায় একটি মার্ডার হয়েছে। এসময় উত্তরে আমি বলি, বিষয়টি আমার জানা নেই। এরপর ওই যুবক বলে আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। ওসি আরও বলেন, পরবর্তীতে ওই যুবককে নিয়ে আমি ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও ছিল। তারাও বলেন এরকম ঘটনা তাদের জানা নেই। ওসি বলেন, এরপর ওই যুবকের পরিচয় জানতে চাইলে সে অনিচ্ছা প্রকাশ করেন। পরে আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে সে অতর্কিতভাবে আমাকে কিলঘুষি মারতে থাকে। তখন এএসআই নাসির ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেয়। বাদ যাননি সেকেন্ড অফিসার শরিফুল ইসলামও। তার কপালেও ওই যুবক ঘুষি মারে। এমন অবস্থায় আমরা ওই যুবককে আটক করি। আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায়, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছে। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি। ওসি বলেন, হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে বলে জানতে পেরেছি। তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।