কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে নির্বাচনি সভায় ভয়ভীতিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিবো।”
তিনি আরও বলেন, “আমি পরিষ্কার করে বলে দিচ্ছি—আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই।”
পথসভায় দেওয়া আরেক বক্তব্যে তিনি বলেন, “আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, তার প্রতিশোধ কিন্তু সেইভাবেই নেবো। আপনারা সবাই ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।”
পথসভায় বিএনপি নেতা আবুল কালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, বিএনপি নেতা সাজু চেয়ারম্যানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক বাসিন্দা জানান, এমন বক্তব্য নির্বাচনী পরিবেশকে ভয়ভীতির দিকে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।