কুমিল্লার বুড়িচং উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভিকটিম এনামুল হক শিশির মাহি (২৯)-কে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোর ৪টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে র্যাব-১১ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে সাতক্ষীরা সদরের ভোমরা এলাকা থেকে প্রধান আসামি জহির ইসলাম ওরফে আপন জহির হিজড়া (৪৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জহির কুমিল্লার বুড়িচং থানাধীন বুড়িচং বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারি টিনশেড আবাসনের মৃত জাফর আলী ও মাজেদা বেগম ওরফে মানেজা বেগম দম্পতির সন্তান।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, ভিকটিম ও আসামিরা সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে র্যাব। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।