কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলির আদেশ কার্যকর না করে নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় এমন ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ২০ আগস্ট এএসপি শামীম কুদ্দুসকে কুমিল্লা জেলা পুলিশ থেকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ না দিয়ে নিয়মিত দফতরেও উপস্থিত থাকছেন না।
সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এ আচরণ অসদাচরণ হিসেবে বিবেচিত হওয়ায় ২০ আগস্ট থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন সময়ে এএসপি শামীম কুদ্দুস বরিশাল রেঞ্জ ডিআইজির দফতরে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।