নওগাঁ সদর উপজেলায় একটি বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়েছে।
বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে একটি নারীর মরদেহ থাকার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল জানায়, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ আরও জানায়, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।