দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সরোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি গতকাল (৩০ অক্টোবর) বুধবারের স্বাক্ষরিত। তবে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই সম্পর্কে তথ্য পাওয়া গেছে। যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে তা হলো- কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী এর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর এর পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল এর পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর এর পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর এর পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।