ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি শুক্রবার গুলিবিদ্ধ হয়েছেন। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত হাদীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেল থেকে আসা দুর্বৃত্তরা হাদীকে গুলি করে পালিয়ে যায়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণার সময় হামলাকারীরা হাদীকে লক্ষ্য করেছে।
এদিকে খবর পেয়ে হাদীর সমর্থকরা হাসপাতালে ভিড় করেছেন। তারা জানান, হাদি নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন হুমকি পেয়েছেন। এর আগে শুক্রবার সকাল ১১টা ৫২ মিনিটে হাদি ফেসবুকে লিখেছিলেন, “ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন নেই, তাই ছেঁড়া-ছিঁড়িরও চাপ নেই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”