কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন। চান্দিনা বাজারের বিভিন্ন সময়ে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ২৭ জন দোকানের মালিককে ৫ হাজার টাকা করে ১লাখ ৩৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রদানের সময় নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুতের তার মাঝেমধ্যে পরীক্ষা এবং অগ্নিনির্বাপক যন্ত্র রাখাসহ জীবন ও পণ্য রক্ষার সচেতনতায় ব্যবসায়ীদের কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ইউএনও নাজিয়া হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূঁইয়াসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।