চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু ও ৯৮ বোতল মদ জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।
জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।