গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যা ঘটনায় নওগাঁ জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রাষ্ট্রযন্ত্রের নিস্ক্রিয়তাকে দায়ী করেছে। জানা গেছে, গাজীপুরে এক দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর দুটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রথমে বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে থানার সামনে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। এর ঠিক পরদিন আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম হেলাল এ ঘটনায় নীরব অবস্থান ও দায়সারা ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তা প্রমাণ করে দেশে মত প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়েছে। এসময় এমন নেক্কারজনক হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে।