কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মহড়া চলে বলে জানা গেছে।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের অভিযানে আরও ১২ জনকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী।
র্যাব জানায়, সংঘর্ষের সূত্রপাত ঘটে সকাল ১১টার দিকে। কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের সঙ্গে জিসান ও ফাহাদের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে এনে প্রতিপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং বিশেষ অভিযানে সংঘর্ষে জড়িত আটজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।