কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, ইয়াবা, বিয়ার, বিদেশি মদ ও স্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হন মোঃ সিয়াম (২৩)। তিনি কুমিল্লার কোতয়ালী থানাধীন রাঙ্গুরী গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সিয়ামের হেফাজত থেকে ডিবি পুলিশের ২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, সিয়াম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, বিয়ার, বিদেশি মদ ও স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
এছাড়া, তিনি ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মাদক কেনাবেচা করতেন বলেও র্যাবের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
র্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।