কুমিল্লা নগরীতে রিকশার দুই যাত্রীর পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান হোসেন প্রকাশ এমু (৩১) ও ফয়সাল আহমেদ (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কোতয়ালী মডেল থানার উত্তর চর্থা এলাকার দারোগাবাড়ি মাজার থেকে নানুয়ার দীঘির দিকে রিকশাযোগে যাওয়ার সময় রিকশায় থাকা দুই যাত্রীর পথরোধ করে মোটরসাইকেলে আসা তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী। এ সময় তারা যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।