কুমিল্লায় বিশেষ অভিযানে বিদেশী অস্ত্র, গুলি ও গাঁজাসহ বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নিয়মিত মাদক, অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ভোর সাড়ে তিনটার দিকে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল ধনপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও বারো কেজি গাঁজা।
অভিযান শেষে সকাল ১১টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, “এই অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত নিরাপত্তায় অঙ্গীকারের স্পষ্ট প্রমাণ। সীমান্তে অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতার কারণেই বিজিবি এসব অভিযানে সাফল্য অর্জন করছে।”
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।