র্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় একাধিক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মোঃ মামুন মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়।
রিয়াদ হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মোঃ জসিমের ছেলে। অপর আসামি মামুন মিয়া একই থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতার রিয়াদ হোসেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে তিনি সন্ত্রাসী কার্যকলাপ, ডাকাতি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। মামুন মিয়া এসব অপরাধে তাকে সহযোগিতা করতেন।
এছাড়া পৃথক অভিযানে ৮৫ বোতল স্কাফ ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।