কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (১৮ মে) ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে কয়েকজন যুবককে মিছিল করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি দিনের কোনো একসময় সংঘটিত হয়েছে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার চট্টগ্রামমুখী লেনে অনুষ্ঠিত হয়।
ভিডিওতে উপজেলা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক বিল্লালুর রশিদ আপনকে দেখা গেছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির মুখে মাস্ক থাকায় তাঁদের পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
জানা গেছে, ভিডিওটি প্রথমে “বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। পরে কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সবুর–এর ফেসবুক আইডি থেকেও ভিডিওটি শেয়ার করা হয়। এছাড়া কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারসহ আরও অনেককে ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে।
এদিকে গণঅধিকার পরিষদের নেতা মো. ফয়সাল সরকার সাবেক সংসদ সদস্য আব্দুস সবুরের শেয়ার করা ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পুনরায় শেয়ার করে ক্যাপশনে লেখেন, “দাউদকান্দি বিএনপি নেতারা গরুর বাজারের টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত, আর এই দিকে!” তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এমন ঘটনায় দ্রুত প্রকৃত তথ্য উদঘাটন জরুরি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির বলেন, “আমরা যতটুকু জানতে পেরেছি, গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু সদস্য ইলিয়টগঞ্জ এলাকায় মিছিল করেছে। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। ভিডিওতে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্তে কিছুটা সময় লাগছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, “কারা মিছিল করেছে, তা এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।”