মাটি কাটার সময় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৫ মার্চ) সন্ধায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগংগা ইউনিয়নের কামার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মোশাররফ হোসেন (২৪) উপজেলার তুলশীগংগা ইউনিয়নের দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সরকারি কামার পুকুর খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন তিনি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার তুলশীগংগা ইউনিয়নের গুচ্ছগ্রাম সরকারি কামারপুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী মাটি ব্যবসায়ী রশিদুল, ফারুক ও নুরনবী। একপর্যায় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে শ্রমিক মোশাররফ হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুকুরে খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পার ছিলেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।