কুমিল্লায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় মাদক পরিবহণের কাজে জড়িত থাকায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফুট ওভারব্রিজ এলাকায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স অভিযান
চালানোর সময় একটি প্রাইভেটকারকে থামতে সিগন্যাল দিলে গাড়িটি দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ নামে গাড়িটি আটক করে। এসময় গাড়িটি তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে এবং প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ। অন্যদিকে মাদক পরিবহণে জড়িত থাকায় চালক ইব্রাহীম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহীম কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মিন্নতনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ইব্রাহীমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।