ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। তবে একাধিক সূত্র জানিয়েছেন, রোববার ভোরে আশুলিয়ার জিরাব এলাকায় নিজ বাড়িতে অভিনেতা আজাদকে দুর্বৃত্তের গুলিসহ বেশ কিছু অভিযোগে তাঁকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে। উল্লেখ যে, গত মাসের ৫ জানুয়ারি আশুলিয়ার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছিল। এরপর আশুলিয়ার ওসি হিসেবে নিয়োগ পান নূর আলম। এ ঘটনার ১ মাস যেতে না যেতেই আবারও আশুলিয়া থানার নতুন ওসি নূর আলমকেও ক্লোজ করা হলো।