কুমিল্লার দাউদকান্দিতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার মালিগাঁও ইউনিয়নের বাহননগর গ্রামে গত ১৮ মে দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে গেলে অভিযুক্ত তাকে বিস্কুট ও চকলেটের লোভদেখিয়ে দোকানের ভেতরে ডেকে নেয়। পরে দোকানের শাটার বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত দ্রুত দোকান খুলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে আজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।