চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঐতিহ্যবাহী “ভোলাহাট আম ফাউন্ডেশন” উদ্যোগে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে “আম বাজার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মনসুর আলীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আম ব্যবসায়ী ও চাষিরা।
বক্তারা বলেন, ভোলাহাটের আম দেশজুড়ে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাবেন এবং এই অঞ্চলের আমের ব্র্যান্ডিং আরও শক্তিশালী হবে।
স্থানীয়ভাবে কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।