নওগাঁর আত্রাইয়ে একটি বাড়ির শয়নকক্ষে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন এর বড়াইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা ও পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান রিপন মন্ডল অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরের দল তার শয়নকক্ষের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী রিপন মন্ডল বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসার এসআই জামাল উদ্দিন জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।