কুমিল্লার মেঘনা উপজেলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মোসলেম উদ্দিন প্রকাশ মোসলেম মিয়া (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) মেঘনা থানা পুলিশ তাকে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রেরণ করেন। একইসঙ্গে তার জামিনের বিরোধিতা করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেঘনা থানার জিডি নং-৭৬৮ মূলে মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাধানগর ইউনিয়নের রাধানগর এলাকায় মোসলেম মিয়ার শ্বশুরবাড়িতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মোসলেম মিয়া পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসময় আরও দুইজন আসামি কৌশলে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃত মোসলেম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পলাতক দুই আসামির সহযোগিতায় তিনি উঠতি বয়সী যুবকদের কাছে ইয়াবা বিক্রি করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
এছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০টি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, আসামি জামিনে মুক্তি পেলে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়।