নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের হাঁসাইগাড়ী গ্রামে গভীর রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি আজিজুল হক।
শনিবার (১৬ মে) নওগাঁ সদর থানায় আট জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তরা হলেন— হোসেন আলী সরদার (৩৮), হাসান আলী সরদার (৪৫), আরিফ সরদার (২২), আলিম সরদার (৪২), আনোয়ার সরদার (৩৭), আতোয়ার সরদার (৩৫), আশরাফুল সরদার (৩৩) ও আলম হোসেন (৩৯)।
ভুক্তভোগী আজিজুল হক জানান, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (১৫ মে) রাতে শত্রুতাবশত তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়। শনিবার সকালে পুকুরে গিয়ে তিনি সব মাছ মরে ভেসে থাকতে দেখেন।
তিনি বলেন, “কয়েক বছর ধরে লালন-পালন করা মাছগুলো বিক্রির উপযোগী হয়েছিল। হঠাৎ এমন ঘটনায় আমি দিশেহারা হয়ে পড়েছি। পরিকল্পিতভাবে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”
এ বিষয়ে নওগাঁ সদর থানার তদন্ত ইন্সপেক্টর প্রদীপ ব্যানার্জি বলেন, অভিযোগের বিষয়টি জানা গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।