নওগাঁর আত্রাইয়ে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল উপজেলার ভর তেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ প্রিন্স (২৬) ও মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুর রহমানকে (৩২) গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম জানান, গ্রেফতারকৃত প্রিন্সের বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ও অপরাধ দমন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।