কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার হোসেন দেলা (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭-৮ জন।
শনিবার (৯ মে) রাত আনুমানিক ১টার দিকে নাসির
গ্রুপ ও বাতেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নাসির গ্রুপ ও বাতেন গ্রুপের মধ্যে এলাকায় বিরোধ চলছিল। এর জেরে গভীর রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন দেলা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে নাছির মেম্বার ও তার শ্যালক হালিমও গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত দেলোয়ার হোসেন দেলার স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে অভিযুক্ত নাছির মেম্বারের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে চলা দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে দেলোয়ার হোসেন দেলা (৩২) নামে একজন নিহত ও উভয়ই পক্ষের ৪-৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”