কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পৃথক দুইটি অভিযানে ২৫ বোতল স্কাফ সিরাপ ও ১২০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি কৃষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা-বাগরা সড়কের পাশ থেকে ২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে, রবিবার (৩ মে) রাত আনুমানিক দেড়টায় পরিচালিত অভিযানে উপজেলার ৩নং দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা (মেডংগী পাড়া) এলাকায় পলাতক আসামি মোঃ মাসুম মিয়ার বসতঘরের শয়নকক্ষের নিচ থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।