কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। শুনানির সময় মুফতি আমির হামজা সশরীরে হাইকোর্টে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। ওই দিনই আদালত সমন জারি করে ২১ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এর আগে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক বক্তব্যে মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।