নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিন স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি সুলতানা এবং তাঁদের দুই সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তার (৩)।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন নিহত হাবিবুর রহমানের ভগ্নিপতি শহিদুল ইসলাম (৫০) এবং দুই ভাগনে সবুজ রানা (২০) ও শাহিন হোসেন (৩৫)। তাদের সবার বাড়ি একই গ্রামে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পারিবারিক সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত হাবিবুর রহমান তাঁর বাবার কাছ থেকে অধিকাংশ সম্পত্তি পাওয়ায় বোনদের পরিবার ক্ষুব্ধ ছিল। এর জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা ঘরে প্রবেশ করে প্রথমে হাবিবুর রহমানকে হত্যা করে। পরে তাঁর স্ত্রী ও দুই সন্তানকেও হত্যা করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।