কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী অভিযানে মোঃ শান্ত (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন কান্দিরপাড় এলাকার তাহের ম্যানশনের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০ (একশত ত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে চান্দিনা থানায় একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ওসি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।