কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে চৌয়ারা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে র্যাব-১১ এর সিপিসি-২, কুমিল্লার সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার মিঠুন কুমার কুণ্ডুসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানকালে রাজাপাড়া এলাকার উত্তর চৌমুহনী (১৯ নম্বর ওয়ার্ড) অবস্থিত ‘হোসেন এন্টারপ্রাইজ’-কে নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি তেল বিক্রি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে পাওয়া ৪৮ লিটার অক্টেন উপস্থিত ক্রেতাদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে (প্রতি ক্রেতাকে সর্বোচ্চ দুই লিটার) বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, রাজাপাড়ার বল্লভপুর এলাকার মো. জসীম উদ্দীন (৩৮)-কে গোপন স্থানে জ্বালানি তেল মজুদের অভিযোগ তদন্তে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অসহযোগিতার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(২) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, তিনি লাইসেন্স ছাড়া দাহ্য পেট্রোলিয়াম পণ্য (পেট্রোল, ডিজেল, অক্টেন) অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয় করছিলেন এবং অননুমোদিত পাত্রে এসব পণ্য বিক্রি করছিলেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।