কুমিল্লার দেবিদ্বারে জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। নিহত মায়ের বয়স আনুমানিক ৩২ বছর এবং ছেলের বয়স ছয় থেকে সাত বছর বলে জানিয়েছে পুলিশ।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের জানাজা শেষে পরিবারের চার সদস্য সিএনজিচালিত অটোরিকশায় করে নবীনগরের বাড়িতে ফিরছিলেন। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয় এবং একই পরিবারের আরও দুইজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।