কুমিল্লার মুরাদনগরে কাপড় শুকানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে সৎ ভাইয়ের হামলায় মোর্শেদ আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোর্শেদ আলম ও অভিযুক্ত মহিন একই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোর্শেদ আলমের সঙ্গে তার সৎ ভাই মহিনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে মোর্শেদের স্ত্রী পারুল আক্তার বাড়ির আঙিনায় দড়ি বেঁধে কম্বল শুকাতে দিলে অভিযুক্তের পরিবারের সদস্যরা এতে বাধা দেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
এ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পরে মহিন ক্ষিপ্ত হয়ে মোর্শেদ আলমের ওপর হামলা চালান। তিনি এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ইট দিয়ে আঘাত করলে মোর্শেদের কপাল ফেটে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।