জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলেরঘাট এলাকায় একটি ধানক্ষেত থেকে আশুরা (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আশুরা গুচ্ছগ্রামের বাসিন্দা এবং বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী। জানা গেছে, বাবলু মুনঝার বাজারে কুলির কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।