নওগাঁর আত্রাই উপজেলায় সিগারেট কেনার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক যুবক ও তার মাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি গত ৪ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামে ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়শিমলা গ্রামের ইউসুফ আলীর দোকানের সামনে ভুক্তভোগী মোসা. সুফিয়া বিবির (৫০) ছেলে মো. হাবিব ইসলাম অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের মো. আব্দুল কুদ্দুস ওরফে সাগর (৩০) তার কাছে সিগারেট কেনার জন্য টাকা দাবি করেন। হাবিব ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে সাগরের বাবা মো. সোহরাব হোসেন (৫৫)-এর প্ররোচনায় সাগর বাঁশের লাঠি দিয়ে হাবিব ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে হাবিব ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে সাগর তার বুকের ওপর চেপে বসে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হাবিব ইসলামের মা সুফিয়া বিবিকেও কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
পরে স্থানীয় বাসিন্দা মো. লুৎফর রহমানসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী সুফিয়া বিবি আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”