ফেনীর ছাগলনাইয়ায় ৩টি অবৈধ ব্রিকস ফিল্ডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। ৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয় ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়ার তিনটি অবৈধ ব্রিকস ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চানপুর গ্রামে মেসার্স কামাল ব্রিকস ম্যানু ও মেসার্স সততা ব্রিকস ম্যানু’র উভয়ের আংশিক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং উভয়কেই ৫ লক্ষ করে ১০ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়, অন্যদিকে মেসার্স জামাল ব্রিকস ম্যানু’কে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। অভিযানের সময় ব্রিকস ফিল্ডগুলো থেকে মুচলেকা নেওয়া হয়েছে এই মর্মে যে, ২০২৫-২০২৬ অর্থ বছর থেকে ফিল্ড গুলো সকল কার্যক্রম বন্ধ বাখবেন অন্যথায় ফিল্ডগুলো উচ্ছেদ করা হবে। অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন, পরিদর্শক শাওন শওকত, সিনিয়র কেমিস্ট তানবীর হোসেন উপস্থিত ছিলেন। অভিযানের সময় ছাগলনাইয়া উপজেলার আনসার ও ফায়ার সার্ভিসের টিম সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের অধিক্ষেত্রে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।