ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্ত হন। তার পক্ষে আদালতে আইনগত লড়াই লড়েন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ফরিদুর রহমান, আরিফুর রহমান, জিয়াউর রহমান ও রহমাতুল্লাহ সেলিমসহ একাধিক আইনজীবী।
জামিনে মুক্তির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিবি সাওদা বলেন, “সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তারা যদি জনগণের না হয়, তাহলে আমরা সে সরকার দিয়ে কী করবো? সরকারের হস্তক্ষেপের কারণে আমার অসুস্থ সন্তানকে রেখে আমাকে দুই রাত জেল খানা কাটাতে হয়েছে। এটি অবর্ণনীয় কষ্ট। আমরা চাই সামনের দিনগুলোতে অন্তত আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হোক, যাতে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি।”
তিনি আরও বলেন, “আমি দেশের গণমাধ্যম ও জনগণকে ভালোবেসেই ফেসবুকে পোস্ট করেছি। এখন কথা বলার অপরাধে যদি সবাইকে ধরে নিয়ে জেলে ভরা হয়, তাহলে সামনের দিকে কেউ কথা বলবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও যদি সবাই চুপ করে থাকে, তাহলে লাভ কী? অন্তত আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হোক না।”
এর আগে বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এটি এমন পর্যায়ে পৌঁছায় যে জাতীয় সংসদেও এই ঘটনা আলোচিত হয়। গ্রেপ্তারের পর সর্বত্র থেকে তার মুক্তির দাবি জানানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে আদালত প্রাঙ্গণে বরণ করেন।
ভোলা আদালতের পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন জানান, বিজ্ঞ আদালত বিবি সাওদাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তাকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়েছিল।
জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, “সরকার সাওদাকে গ্রেপ্তার করে সারাদেশের নারী-পুরুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চেয়েছিল। যাতে কেউ সরকারের সমালোচনা না করে। কিন্তু সরকার যে উদ্যোগ নিতে চেয়েছিল, তা ব্যর্থ হয়েছে। আমরা আইনগতভাবে এগিয়েছি এবং আদালত তাকে জামিন দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করেছেন।”
গ্রেপ্তারের আগে বিবি সাওদা তার ফেসবুক আইডি (Sawoda Sumi) ব্যবহার করে জ্বালানি তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, “আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা অনুমতি দিয়েছে, তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনতে হবে?” তার পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।