নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া স্টেশনের কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাতিয়া থানাধীন ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকার ২টি দোকান ও ৩টি গোডাউন তল্লাশি করে প্রায় ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জালসমূহ বিনষ্ট করা হয়। এছাড়া জব্দ করা নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।